এমপিদের জন্য সরকারি গাড়ি ব্যবহারের প্রস্তাব, অবস্থান পরিষ্কা করলেন হাসনাত

ট্যাক্সমুক্ত সুবিধা নয়, দায়িত্ব পালনে রাষ্ট্রীয় যান ব্যবহারের যৌক্তিকতা তুলে ধরলেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য
টুইট ডেস্ক: জাতীয় সংসদে গাড়ি সুবিধা নিয়ে আলোচনার প্রেক্ষাপটে নিজের অবস্থান পরিষ্কার করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি জানিয়েছেন, সংসদ সদস্যদের জন্য ট্যাক্সমুক্ত ব্যক্তিগত গাড়ি নয়, বরং সরকারি মালিকানাধীন গাড়ি ব্যবহারের সুযোগ চেয়েছেন তিনি।
বুধবার বিকেলে সংসদের অধিবেশনের ১৯তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে দেওয়া বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, প্লট সুবিধাও নেব না। তবে যেভাবে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা কিংবা অন্যান্য সরকারি কর্মকর্তারা দায়িত্ব পালনের জন্য সরকারি গাড়ি পান, ঠিক তেমন ব্যবস্থায় সংসদ সদস্যদেরও একটি গাড়ি ব্যবহার করার সুযোগ দেওয়া যায় কি না—সেই প্রস্তাবই আমি রেখেছি।”
তিনি আরও বলেন, সংসদ সদস্যরা দায়িত্ব পালনকালে একটি সরকারি গাড়ি ব্যবহার করতে পারলে আলাদা কোনো অতিরিক্ত ব্যয় বাড়বে না। কারণ বর্তমানে এমপিদের গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য মাসিক ভাতা দেওয়া হলেও অনেকের নিজস্ব গাড়ি নেই, ফলে সেই অর্থের যথাযথ ব্যবহারও হচ্ছে না।
গতকালের বক্তব্য নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে তা নিরসনে তিনি স্পষ্ট করে বলেন, “আমি কোনোভাবেই ট্যাক্সমুক্ত গাড়ির দাবি করিনি।
বরং এই সংসদের সকল সদস্য ইতোমধ্যে সর্বসম্মতিক্রমে ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট সুবিধা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন, যা একটি ইতিবাচক ও ব্যতিক্রমী দৃষ্টান্ত।”
সংসদে এ বিষয়টি নিয়ে আলোচনা নতুন মাত্রা পেলেও বিশ্লেষকদের মতে, রাষ্ট্রীয় সম্পদের ব্যবহার ও জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনের মধ্যে ভারসাম্য রক্ষা করাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।






