ঢাকায় পুলিশের সাঁড়াশি অভিযান

রাজধানীর ৬ থানায় একযোগে অভিযান, আটক ৬০,অপরাধ দমনে কঠোর অবস্থানে ডিএমপি
টুইট প্রতিবেদক: রাজধানী ঢাকার ছয়টি থানায় একযোগে সাঁড়াশি অভিযান চালিয়ে ৬০ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, আদাবর, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল এলাকায় পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে অপরাধপ্রবণ হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই বিশেষ অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের মধ্যে বিভিন্ন ধরনের অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছেন।
ডিএমপি সূত্রে জানা যায়, সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে মোহাম্মদপুর থানা এলাকা থেকে,২৭ জন। এছাড়া তেজগাঁও শিল্পাঞ্চল থেকে ১২ জন, হাতিরঝিল থেকে ৭ জন, শেরেবাংলা নগর ও তেজগাঁও এলাকা থেকে ৪ ও ৫ জন করে এবং আদাবর থানা এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়েছে।
পুলিশ বলছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বের মামলা, সন্দেহজনক চলাচল এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য যাচাই করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রের মতে, রাজধানীতে সাম্প্রতিক সময়ে ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখতে এমন অভিযান আরও জোরদার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।





