আজ সময়ে ধস, ম্যাচ হার নিউজিল্যান্ডের

জুটি গড়েও টিকতে না পারা কিউইদের পরাজয়ের মূল কারণ, সিরিজ এখন অঘোষিত ফাইনালের অপেক্ষায়
টুইট প্রতিবেদক: দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে হারের পর আত্মসমালোচনায় নেমেছে নিউজিল্যান্ড শিবির। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের ব্যাটার নিক কেলি স্পষ্ট করে বলেছেন,গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারানোই ম্যাচের ভাগ্য নির্ধারণ করেছে।
শুরুতে উইকেট বুঝতে কিছুটা সময় লেগেছে বলে স্বীকার করেন কেলি। তার ভাষ্য, উইকেটে ঘাস থাকায় ব্যাটিং সহজ ছিল না, ফলে মানিয়ে নিতে দেরি হয়েছে।
তবে সেটি কাটিয়ে উঠেই যখন জুটি গড়ে ইনিংস বড় করার সুযোগ তৈরি হচ্ছিল, ঠিক তখনই নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলকে পিছিয়ে দেয়।
বাংলাদেশের বোলারদের প্রশংসা করে কেলি বলেন, তারা নিয়ন্ত্রিত ও কার্যকর বোলিং করেছে। উইকেট থেকেও সহায়তা পেয়েছে। বিশেষ করে তরুণ পেসার নাহিদ রানা গতি ও ধারাবাহিকতায় কিউই ব্যাটিং লাইনে চাপ তৈরি করেন। তার জোড়া আঘাত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
কিউইদের হয়ে টম লাথাম, মুহাম্মদ আব্বাস ও কেলি নিজে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও কেউই বড় ইনিংসে যেতে পারেননি। সেট হওয়া ব্যাটারদের দ্রুত বিদায় নেওয়াই শেষ পর্যন্ত বড় ব্যবধান গড়ে দেয়।
এই জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। ফলে শেষ ম্যাচটি এখন কার্যত অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে।
চট্টগ্রামে অনুষ্ঠিতব্য সেই ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য,যেখানে দুই দলই শেষ লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে।






