ইটভাটায় অভিযান, জরিমানা ৩ লাখ

শ্রীপুরে অবৈধ কার্যক্রমে জেলা প্রশাসনের কঠোর অবস্থান
টুইট প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। সোমবার দুপুরে উপজেলার লতিফপুর এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে পরিবেশবিরোধী কার্যক্রমের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ভাটা মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, সরকারি আইন অমান্য করে ইট প্রস্তুত ও ভাটা পরিচালনার অভিযোগে তাৎক্ষণিক বিচারিক ক্ষমতা প্রয়োগ করে অর্থদণ্ড করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রভাকর রায়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, গাজীপুরের গবেষণা কর্মকর্তা মো. মকবুল হোসেন। এ সময় অধিদপ্তরের পরিদর্শকরা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।
সংশ্লিষ্টরা জানান, অবৈধ ইটভাটা দীর্ঘদিন ধরে পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
কৃষিজমির মাটি কেটে নেওয়া, বায়ুদূষণ এবং জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাবের বিষয়টি বিবেচনায় এনে এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রভাকর রায় বলেন, পরিবেশ সুরক্ষা এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
স্থানীয় সচেতন মহল মনে করছে, নিয়মিত তদারকি ও কঠোর প্রয়োগ নিশ্চিত করা গেলে অবৈধ ইটভাটার দৌরাত্ম্য কমে আসবে এবং পরিবেশ সুরক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে।






