মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সফরে নতুন কড়াকড়ি প্রটোকল

বিদেশ সফর থেকে জেলা পর্যায়ের অভ্যর্থনা,রাষ্ট্রাচারে আসছে নতুন শৃঙ্খলা।
টুইট প্রতিবেদক: মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের দেশ বিদেশ সফরকে কেন্দ্র করে রাষ্ট্রীয় প্রটোকল ব্যবস্থায় নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকারি সফর ব্যবস্থাপনা, নিরাপত্তা ও প্রশাসনিক সমন্বয় আরও শৃঙ্খল করতে এই নির্দেশনা গত ১৬ এপ্রিল জারি করা হলেও আজ তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
নতুন নির্দেশনায় বিদেশ গমন ও দেশে প্রত্যাবর্তনের সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিমানবন্দরে উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ সফরেও একান্ত সচিবসহ প্রশাসনিক প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করার কথা বলা হয়েছে।
জেলা ও উপজেলা পর্যায়ে সফরের ক্ষেত্রে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের ভূমিকা পুনর্বিন্যাস করা হয়েছে। এখন থেকে প্রয়োজন অনুযায়ী তাদের পরিবর্তে অতিরিক্ত জেলা প্রশাসক বা অতিরিক্ত পুলিশ সুপার অভ্যর্থনা ও নিরাপত্তা দায়িত্ব পালন করবেন। উপজেলা পর্যায়ে এই দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার।
নির্দেশনায় আরও বলা হয়েছে, বিমানবন্দর, রেলস্টেশন বা ট্রানজিট পয়েন্টে অপ্রয়োজনীয় উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতি বাধ্যতামূলক নয়।
তবে সফরসূচি পাওয়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষকে।
রেলপথে ভ্রমণের ক্ষেত্রে পুরো রুটে পুলিশ স্টেশনগুলোকে আগে থেকেই অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট স্টেশন ও জংশনে পুলিশের উপস্থিতি নিশ্চিত করার কথাও উল্লেখ করা হয়েছে।
সাধারণ নির্দেশনায় বলা হয়েছে, সফরসূচি যথাসময়ে সংশ্লিষ্ট দপ্তরে পাঠাতে হবে এবং কোনো পরিবর্তন হলে তা দ্রুত জানাতে হবে। সরকারি ও ব্যক্তিগত সফরের পার্থক্য স্পষ্টভাবে উল্লেখ করার নির্দেশও দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের মতে, পূর্ববর্তী ২০২৪ সালের নির্দেশনা বাতিল করে এই নতুন কাঠামো কার্যকর করা হয়েছে, যা প্রশাসনিক প্রটোকল ব্যবস্থায় আরও শৃঙ্খলা ও বাস্তবতা আনবে বলে আশা করা হচ্ছে।






