ভোলায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

সরকারি সহায়তা কম দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন, দ্রুত প্রতিবেদন দিতে নির্দেশ।
টুইট প্রতিবেদক: ভোলার দৌলতখান উপজেলায় কর্মহীন জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের নির্দেশনায় মৎস্য অধিদপ্তর পটুয়াখালী জেলার জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীকে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। সোমবার এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, মেঘনা নদীতে দুই মাস মাছ ধরা নিষিদ্ধ থাকায় ক্ষতিগ্রস্ত জেলেদের জন্য সরকারিভাবে জনপ্রতি ৮০ কেজি চাল বরাদ্দ করা হয়। তবে স্থানীয়ভাবে হাজিপুর ইউনিয়নে প্রতিজন জেলেকে ৫০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে জনপ্রতি ৩০ কেজি করে কম চাল পাওয়ার ঘটনায় জেলেদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়।
গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার পর মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে তদন্তের উদ্যোগ নেয়। পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত ঘটনা উদঘাটন, দায়ীদের শনাক্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ জমা দিতে তদন্ত কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, সরকারি সহায়তা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে সরকার। প্রকৃত উপকারভোগীরা যাতে যথাযথ সহায়তা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয়ভাবে এ ঘটনায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে, যেখানে সুবিধাভোগী জেলেরা ন্যায্য বরাদ্দ না পাওয়ার অভিযোগ তুলছেন। তদন্তের মাধ্যমে প্রকৃত চিত্র উঠে আসবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।






