জ্বালানি সংকট নিয়ে সংসদে উত্তাপ

তেল সংকট নেই’ বক্তব্যের সঙ্গে বাস্তবতার ফারাক আছে: বিরোধীদলীয় নেতা।
টুইট প্রতিবেদক: দেশের জ্বালানি ও গ্যাস সংকটকে তীব্র সমালোচনার কেন্দ্রবিন্দুতে এনে জাতীয় সংসদে কঠোর ভাষায় ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, একদিকে সংসদে বলা হচ্ছে দেশে তেলের কোনো সংকট নেই, অন্যদিকে সাধারণ মানুষ বাস্তবে চরম ভোগান্তিতে রয়েছে।
সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে মুলতবি প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
বক্তব্যে বিরোধীদলীয় নেতা বলেন, দেশের বর্তমান জ্বালানি সংকট এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। অথচ সংসদে এ বিষয়ে যথাযথ আলোচনা হচ্ছে না। জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত সংসদে জনগণের সমস্যাই যদি আলোচনায় না আসে, তবে এর প্রাসঙ্গিকতা নিয়েই প্রশ্ন ওঠে।
তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে যে তথ্য দেওয়া হচ্ছে, বাস্তব পরিস্থিতির সঙ্গে তার কোনো মিল নেই।
সংসদের ভেতরে সংকট অস্বীকার করা হলেও বাইরে মানুষ তেলের জন্য হাহাকার করছে। এমনকি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ভার্চুয়াল কার্যক্রম পরিচালনার সিদ্ধান্তও সংকটের বাস্তব চিত্রই তুলে ধরছে।
ড. শফিকুর রহমান অভিযোগ করেন, এটি কেবল স্থানীয় সমস্যা নয়, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবও রয়েছে। তবে সমস্যা সমাধানে সব পক্ষের অংশগ্রহণ প্রয়োজন হলেও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এককেন্দ্রিক হয়ে পড়েছে।
তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জ্বালানি সংকট এখন অর্থনীতির মূল চালিকাশক্তিকে প্রভাবিত করছে।
তাই এ বিষয়ে সংসদে বিস্তারিত ও সময়োপযোগী আলোচনা জরুরি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদে বিরোধী পক্ষের এই বক্তব্য দেশের জ্বালানি পরিস্থিতি ও নীতি-বাস্তবতার ব্যবধান নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিতে পারে।






