পলাতক আসামি গ্রেপ্তার, আলিফ হত্যা মামলায় অগ্রগতি

২৬ জন আটক, এখনও পলাতক ১৩,সাক্ষ্যগ্রহণ চলমান, শুনানি ২৯ এপ্রিল।
টুইট ডেস্ক: চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।
মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি লালা মেথর (৪৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) দুপুরে নগরীর কোতোয়ালী থানাধীন বান্ডেল রোড এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার লালা স্থানীয় সেবক কলোনীর বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
একই সঙ্গে মামলার অন্যান্য পলাতক আসামিদের ধরতে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।
এদিকে, এই গ্রেপ্তারের ফলে মামলায় মোট আটক আসামির সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে। তবে এখনও ১৩ জন আসামি পলাতক রয়েছে। চার্জশিট অনুযায়ী, চিন্ময় কৃষ্ণ দাসসহ মোট ৩৯ জনকে আসামি করা হয়েছে।
বর্তমানে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে এবং পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৯ এপ্রিল।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ সময় তাকে বহনকারী প্রিজন ভ্যান ঘিরে তার অনুসারীরা প্রতিরোধ গড়ে তোলে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।
ওই ঘটনার মধ্যেই আদালত প্রাঙ্গণ ও আশপাশে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং একপর্যায়ে নৃশংসভাবে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ।
এ ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।






