বান্দরবানে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু

৪টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ, ফাইনাল ২৭ এপ্রিল।
বান্দরবান প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে শুরু হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। সোমবার (২০ এপ্রিল) সকালে বান্দরবান জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আকতার সেতু, বান্দরবান জেলা ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মুজিবুর রশীদ, ক্রীড়াবিদ ও ধারাভাষ্যকার মাহাফুজুর রশীদ বাচ্চু, জেলা ক্রিকেট কোচ রাহুল বিশ্বাসসহ বিভিন্ন ক্লাবের প্রতিনিধি, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা।
উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা দল। অপরদিকে ব্যাটিংয়ে নামে বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ দল।
এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে চারটি শিক্ষা প্রতিষ্ঠান—বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়, বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ এবং আল-ফারুক ইনস্টিটিউট।
আয়োজকরা জানান, আগামী ২৭ এপ্রিল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।






