বান্দরবানে ফা. লিও স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মাদক-জুয়া থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার আহ্বান।
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে ফা. লিও স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিপুল সংখ্যক দর্শক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই ও পুলিশ সুপার মো. আবদুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করার একটি কার্যকর উপায়। তিনি মাদক ও জুয়াকে যুব সমাজের জন্য মারাত্মক হুমকি হিসেবে উল্লেখ করে বলেন, এসব অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, যুব সমাজই দেশের ভবিষ্যৎ। তাদের সুস্থ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে। মাদক ও জুয়ার ভয়াবহ পরিণতির কথা তুলে ধরে তিনি এ ধরনের অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
শেষে অংশগ্রহণকারী দল ও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।






