ফরিদপুরে ছাত্রনেতার পদত্যাগ

অসুস্থতা ও ব্যক্তিগত ব্যস্ততার কারণ দেখালেন যুগ্ম সদস্য সচিব
টুইট ডেস্ক: ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা ইউনিটে সাংগঠনিক পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।
সংগঠনটির যুগ্ম সদস্য সচিব সৈয়দ আব্দুল বাপ্পী শারীরিক অসুস্থতা, ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যস্ততার কথা উল্লেখ করে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তার মাধ্যমে তিনি পদত্যাগের ঘোষণা দেন। একই সঙ্গে সংগঠনের জেলা আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন বলে জানা গেছে।
পদত্যাগপত্রে বাপ্পী তার ওপর অর্পিত সকল দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দায়িত্ব পালনের সময় পাওয়া অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, তার অনুপস্থিতিতেও সংগঠন যেন নির্ধারিত লক্ষ্যে এগিয়ে যেতে পারে,এটাই তার প্রত্যাশা।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা ইউনিটের আহ্বায়ক কাজী রিয়াজ জানান, বাপ্পীর সিদ্ধান্তকে তারা সম্মান করেন। পাশাপাশি তার সুস্থতা ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন বলেও উল্লেখ করেন তিনি।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ পদত্যাগ সংগঠনটির অভ্যন্তরীণ কার্যক্রমে সাময়িক প্রভাব ফেলতে পারে। তবে দ্রুতই শূন্য পদে নতুন নেতৃত্ব আসবে বলে ধারণা করা হচ্ছে।






