খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

শিববাড়ি মোড়ে অভিযান; শরবত বিতরণের আড়ালে তৎপরতা, ভ্যানচালকও আটক।
টুইট প্রতিবেদক: খুলনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘বি’-এর এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর শিববাড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তি সাইদুর কেএমপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘বি’-এর সক্রিয় সদস্য।
অভিযানের সময় শরবত বিক্রির কাজে ব্যবহৃত একটি ভ্যানগাড়ি জব্দ করা হয় এবং এর চালক আরিফ হোসেনকেও আটক করা হয়েছে।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে গ্রুপটির প্রধান গ্রেনেড বাবুর নির্দেশে তার অনুসারীরা ওই এলাকায় পথচারী ও যানবাহন চালকদের মধ্যে শরবত বিতরণ করছিল।
এর আড়ালে তাদের উপস্থিতি ও তৎপরতা নিয়ে সন্দেহ তৈরি হলে তাৎক্ষণিক অভিযান চালানো হয়।
তিনি আরও জানান, আটক সাইদুরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রয়েছে। অপরদিকে ভ্যানচালক আরিফ হোসেনের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। কোনো অপরাধে জড়িত না থাকলে তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্ট সন্ত্রাসী চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।






