পদ্মার কাতলে দামের ঝড়

দুই বিশাল মাছ বিক্রি ৮৮ হাজার টাকায়, ফেরিঘাটে জনতার ভিড়।
টুইট ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ধরা পড়া দুটি বড় কাতল মাছের দাম উঠেছে ৮৮ হাজার ১৫০ টাকা, যা স্থানীয় মাছবাজারে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় মাছ দুটি দেখতে ভিড় করেন নানা শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয় সূত্র জানায়, শনিবার দিবাগত রাতে পদ্মা-যমুনার মোহনায় মাছ ধরতে যান জেলে জীবন হালদার ও গফুর প্রামাণিক। দীর্ঘ সময় অপেক্ষার পর ভোরের দিকে তাদের জালে ধরা পড়ে দুটি বিশাল কাতল,একটির ওজন ১৯ কেজি ৫০০ গ্রাম এবং অন্যটির ২৫ কেজি।
রোববার সকালে মাছ দুটি দৌলতদিয়া ফেরিঘাটের আড়তে তোলা হলে সেখানে শুরু হয় ক্রেতাদের ভিড়।
পরে উন্মুক্ত নিলামে ১৯ কেজি ৫০০ গ্রাম ওজনের কাতলটি প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে ৩১ হাজার ২০০ টাকায় কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। অপরদিকে, ২৫ কেজি ওজনের মাছটি তিনি সরাসরি জেলের কাছ থেকে প্রতি কেজি ২ হাজার ১০০ টাকা দরে ৫২ হাজার ৫০০ টাকায় সংগ্রহ করেন।
পরবর্তীতে দুপুরের দিকে সিলেটের এক প্রবাসীর কাছে মাছ দুটি একত্রে ৮৮ হাজার ১৫০ টাকায় বিক্রি করা হয়, যা স্থানীয় বাজারে বিরল দামের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
মৎস্য সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে পদ্মায় বড় আকারের মাছ ধরা পড়ার প্রবণতা কিছুটা বেড়েছে।
বিশেষ করে ইলিশ আহরণে মৌসুমি নিষেধাজ্ঞা চলায় নদীতে অন্যান্য প্রজাতির মাছের বৃদ্ধি ঘটছে। এতে কাতল, রুই, বোয়াল ও বাগাড়ের মতো বড় মাছ বেশি ধরা পড়ছে।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট জানান, নিষেধাজ্ঞার কারণে নদীর জীববৈচিত্র্য পুনরুদ্ধারের সুযোগ পাচ্ছে, যার ইতিবাচক প্রভাব এখনই বাজারে দেখা যাচ্ছে।






