সোনামসজিদে পাথরবাহী ট্রাকে মাদক জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযানে প্রায় ৬ হাজার বোতল সিরাপ উদ্ধার, চালক পলাতক।

টুইট ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সীমান্ত এলাকা দিয়ে মাদক চোরাচালান রোধে তৎপরতার মধ্যেই আবারও বড় ধরনের চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারত থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের ভেতর লুকিয়ে রাখা বিপুল পরিমাণ মাদক সিরাপ উদ্ধার করা হয়েছে।

রোববার সকালে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত প্রায় ১১টার দিকে সোনামসজিদ বিওপি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সহকারী পরিচালক শেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল স্থলবন্দরের নিকটবর্তী একটি পাথর ইয়ার্ডে রাখা সন্দেহভাজন ট্রাকটি তল্লাশি করে।

তল্লাশির একপর্যায়ে ট্রাকের পাথরের স্তূপের ভেতর ত্রিপল মোড়ানো ২০টি বস্তা পাওয়া যায়। পরে বস্তাগুলো খুলে মোট ৫ হাজার ৯৩৫ বোতল ভারতীয় মাদক সিরাপ উদ্ধার করা হয়, যা দেশে ফেনসিডিলের বিকল্প হিসেবে অপব্যবহৃত হয়ে থাকে।

বিজিবি জানায়, অভিযানের সময় ট্রাকচালক ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে জব্দকৃত মাদক, ট্রাক ও পাথরসহ সব মালামাল বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত চলছে।

সীমান্ত দিয়ে মাদক প্রবেশ রোধে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।