আলীকদমে আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন সেনাপ্রধানের

দুর্গম পাহাড় ও জঙ্গলে অভিযানে সক্ষমতা বাড়াতে বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বান্দরবান রিজিয়নের আলীকদম সেনানিবাসে নবনির্মিত আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) এ পরিদর্শন ও উদ্বোধন কার্যক্রম সম্পন্ন হয়।

প্রতিষ্ঠানটি মূলত দেশের সমতল ভূমির পাশাপাশি দুর্গম পাহাড়ি ও জঙ্গলাকীর্ণ এলাকায় সেনাবাহিনীর আভিযানিক সক্ষমতা আরও বাড়ানোর উদ্দেশ্যে গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমে সেনাসদস্যরা প্রতিকূল পরিবেশে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং কৌশলগত দক্ষতা অর্জন করবেন।

পরিদর্শনকালে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, ইঞ্জিনিয়ার-ইন-চিফ, অ্যাডজুটেন্ট জেনারেল, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং চট্টগ্রাম এরিয়ার কমান্ডারসহ অন্যান্য সামরিক কর্মকর্তারা।

সেনাবাহিনীর সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই প্রশিক্ষণ কেন্দ্র পাহাড়ি অঞ্চলে নিরাপত্তা কার্যক্রম আরও দক্ষ ও আধুনিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।