বেইজিং হাফ-ম্যারাথনে মানুষের চেয়ে এগিয়ে গেল হিউম্যানয়েড রোবট

চীনে ২১ কিলোমিটার দৌড়ে রোবটের রেকর্ড, শিল্প বিপ্লবের নতুন ইঙ্গিত।

বিশ্ব ডেস্ক: চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হাফ-ম্যারাথন দৌড়ে অংশ নিয়ে মানুষকে পেছনে ফেলেছে হিউম্যানয়েড রোবট। আধুনিক প্রযুক্তির এই প্রদর্শনীতে অংশ নেওয়া রোবটগুলো দৌড়, ভারসাম্য ও স্বয়ংক্রিয় নেভিগেশনে বড় ধরনের অগ্রগতি দেখিয়েছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট প্রযুক্তির দ্রুত বিকাশকে সামনে এনেছে।

এই বছরের প্রতিযোগিতায় অংশ নেয় ১০০টিরও বেশি রোবট দল, যা গত বছরের তুলনায় কয়েকগুণ বেশি। ২১ কিলোমিটার দীর্ঘ এই দৌড়ে অনেক রোবট পেশাদার মানব দৌড়বিদদের চেয়েও দ্রুত সময় করে আলোচনায় আসে।

রোববার (১৯ এপ্রিল) সকালে প্রতিযোগিতায় শীর্ষে থাকা রোবটটি ৫০ মিনিট ২৬ সেকেন্ডে দৌড় শেষ করে, যা মানব হাফ-ম্যারাথন রেকর্ডের চেয়েও দ্রুত সময় বলে উল্লেখ করা হয়েছে। এতে শীর্ষ তিনটি স্থানই দখল করে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হোনরের রোবটগুলো।

গত বছরের তুলনায় এবারের প্রতিযোগিতায় সবচেয়ে বড় পরিবর্তন ছিল রোবটের স্বয়ংক্রিয় চলাচল সক্ষমতা। প্রায় অর্ধেক রোবট কোনো রিমোট নিয়ন্ত্রণ ছাড়াই ২১ কিলোমিটার পথ সম্পূর্ণ করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই অগ্রগতি প্রমাণ করছে যে রোবটিক্স প্রযুক্তি এখন পরীক্ষামূলক পর্যায় থেকে বাস্তব ব্যবহারের দিকে এগোচ্ছে। ভবিষ্যতে উৎপাদন শিল্প, ঝুঁকিপূর্ণ কাজ এবং বিভিন্ন খাতে এসব রোবট বড় ভূমিকা রাখতে পারে।

তবে গবেষকদের মতে, এখনো মানব শ্রমিকের মতো দক্ষতা, জটিল সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তব পরিস্থিতি বোঝার সক্ষমতায় রোবট পিছিয়ে রয়েছে। তাই বাণিজ্যিক পর্যায়ে ব্যাপক ব্যবহার হতে আরও সময় লাগবে।

চীন সরকার এই খাতে বিশ্ব নেতৃত্ব অর্জনের লক্ষ্যে বিভিন্ন নীতি, ভর্তুকি ও গবেষণা প্রকল্পে বিনিয়োগ বাড়াচ্ছে, যা দেশটিকে রোবটিক্স শিল্পে শক্ত অবস্থানে নিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।