কৃষকদের ঐক্যই অধিকার আদায়ের শক্তি: আসলাম চৌধুরী

মিরসরাই কৃষকদল নেতাদের সঙ্গে মতবিনিময়ে কৃষি সংকট, সার ও সেচ সমস্যার সমাধানে তৃণমূলকে শক্তিশালী করার আহ্বান।
টুইট যুদ্ধে: চট্টগ্রামের সীতাকুণ্ডে নিজ বাসভবনে মিরসরাই উপজেলা কৃষকদলের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে কৃষকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আসলাম চৌধুরী।
শনিবার বিকেলে অনুষ্ঠিত এ মতবিনিময়ে তিনি বলেন, কৃষকদলকে তৃণমূল পর্যায়ে আরও সংগঠিত ও সক্রিয় করতে হবে। দেশের কৃষক সমাজের ন্যায্য অধিকার আদায়ের লড়াইয়ে ঐক্যই মূল শক্তি হিসেবে কাজ করবে।
আলোচনায় তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, কৃষি খাতের সংকট, সার ও সেচ ব্যবস্থার সমস্যা এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়গুলো তুলে ধরেন। একই সঙ্গে কৃষি ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপজেলা কৃষকদলের আহ্বায়ক আশরাফ উদ্দিন ও সদস্যসচিব আবু দাউদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে কৃষকদলের পক্ষ থেকে আসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।






