জোড়া গোলে মারাতের ঝলক, ব্রাদার্সকে হারিয়ে ঘুরে দাঁড়াল পিডব্লিউডি

 

বিদেশি নির্ভর ব্রাদার্সের ব্যর্থতা, রেলিগেশন শঙ্কা আরও ঘনীভূত।

টুইট ডেস্ক: বাংলাদেশ ফুটবল লিগে টানটান উত্তেজনার ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে পিডব্লিউডি। রাশিয়ান ফরোয়ার্ড দোসাভা তারেক মারাতের জোড়া গোলেই জয়ের বন্দরে পৌঁছে দলটি, যা তাদের লিগে টিকে থাকার লড়াইয়ে নতুন গতি এনে দিয়েছে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পিডব্লিউডি। এর ফলও পায় দ্রুতই। ১৪তম মিনিটে মারাতের গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধে একাধিক সুযোগ পেলেও সমতায় ফিরতে ব্যর্থ হয় ব্রাদার্স ইউনিয়ন, ফলে পিছিয়েই বিরতিতে যেতে হয় তাদের।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ব্রাদার্স। ৬৪তম মিনিটে অধিনায়ক জামাল ভূঁইয়ার ক্রস থেকে পাকিস্তানি ফরোয়ার্ড শায়েক দোস্ত গোল করে ম্যাচে সমতা ফেরান। এতে ম্যাচে উত্তেজনা নতুন মাত্রা পায়।

তবে সেই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি গোপীবাগের দলটি। ৮৪তম মিনিটে পিডব্লিউডি পেনাল্টি পেলে তা থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে আবারও এগিয়ে দেন মারাত। শেষ দিকে ব্রাদার্স একাধিক আক্রমণ সাজালেও গোলের দেখা পায়নি।

ম্যাচের শেষ মুহূর্তগুলোতে ব্রাদার্সের ওপর চাপ বজায় রাখে পিডব্লিউডি। অধিনায়ক জামালের ফ্রি কিক ও কর্নার থেকেও কাঙ্ক্ষিত ফল আসেনি। বরং উত্তেজনার মুহূর্তে ডাগআউটে ব্রাদার্স কোচ ওমর সিসে শৃঙ্খলাভঙ্গের কারণে হলুদ কার্ড দেখেন।

এই জয়ের ফলে ১৩ ম্যাচ শেষে পিডব্লিউডি ও ব্রাদার্স,উভয় দলের পয়েন্ট সমান ১৩ হলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে আট নম্বরে অবস্থান করছে পিডব্লিউডি। অন্যদিকে, সাত বিদেশি খেলোয়াড় নিয়ে নামা ব্রাদার্স ইউনিয়নের জন্য এই হার রেলিগেশন শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।

ফেডারেশন কাপে ভালো পারফরম্যান্স দেখালেও লিগে ধারাবাহিকতা ধরে রাখতে না পারা ব্রাদার্সের জন্য এখন প্রতিটি ম্যাচই হয়ে উঠছে বাঁচা-মরার লড়াই। অন্যদিকে, সময়মতো জয়ে ফিরতে পেরে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে পিডব্লিউডি।