পার্বত্য টি-২০ ক্রিকেটে চ্যাম্পিয়ন সুয়ালক সুপারস্টার

ফাইনালে রিদম স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শিরোপা জয়; তরুণদের জন্য সম্ভাবনার মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক; বান্দরবান: বান্দরবানে পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে। ফাইনালে রিদম স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে সুয়ালক সুপারস্টার স্পোর্টিং ক্লাব।

শনিবার জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাচিং প্রু জেরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. সানিউল ফেরদৌস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানজামা লুসাই, চেয়ারম্যান, জেলা পরিষদ এবং মো. আবদুর রহমান, পুলিশ সুপার।

প্রধান অতিথির বক্তব্যে সাচিং প্রু জেরী বলেন, এ ধরনের টুর্নামেন্ট তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় উঠে আসার সুযোগ তৈরি হবে এবং জেলার ক্রীড়াঙ্গন আরও গতিশীল হবে।

গত ১১ এপ্রিল শুরু হওয়া এই টুর্নামেন্টে জেলার মোট ৯টি দল অংশগ্রহণ করে। আয়োজন করে বান্দরবান জেলা ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার অ্যাসোসিয়েশন, সহযোগিতায় ছিল জেলা ক্রীড়া সংস্থা।

ফাইনাল ম্যাচ ঘিরে স্টেডিয়ামে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ম্যাচটি উপভোগ করেন ক্রীড়াপ্রেমীরা।

অনুষ্ঠানে টুর্নামেন্টের আহ্বায়ক উবাথোয়াই মারমা, সদস্য সচিব মো. মুজিবুর রশিদ, সম্পাদক মো. তাহের টিপুসহ বিভিন্ন ক্লাবের প্রতিনিধি, খেলোয়াড় ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাফুজর রশিদ বাচ্ছু।