বড়াইবাড়ি দিবসে শহীদদের স্মরণে এনসিপি

বিএসএফের হামলা প্রতিহতে বিডিআর জওয়ানদের বীরত্বগাঁথা তুলে ধরে দোয়া ও শ্রদ্ধা নিবেদন

ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস উপলক্ষে শহীদ বাংলাদেশ রাইফেলস (বিডিআর) জওয়ানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে তাদের অবদান জাতির জন্য চিরস্মরণীয় বলে উল্লেখ করেছে দলটি।

শনিবার (১৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, ২০০১ সালের এই দিনে কুড়িগ্রামের রৌমারি উপজেলার বড়াইবাড়ী গ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিনা উস্কানিতে সীমান্ত অতিক্রম করে হামলা চালায়। ওই হামলায় সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এবং বড়াইবাড়ী ক্যাম্পসহ আশপাশ এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তৎকালীন বিডিআর সদস্যরা এবং স্থানীয় সচেতন গ্রামবাসী সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলেন। তাদের সাহসী ও দৃঢ় অবস্থানের মুখে

অনুপ্রবেশকারী বাহিনী পিছু হটতে বাধ্য হয়। এ সময় দেশের সার্বভৌমত্ব রক্ষায় লড়াই করতে গিয়ে শহীদ হন নায়েক সুবেদার ওয়াহিদুজ্জামান, সিপাহী মাহফুজার রহমান এবং সিপাহী আব্দুল কাদের।

এনসিপি নেতৃবৃন্দ বলেন, বড়াইবাড়ির এই প্রতিরোধ শুধু একটি সীমান্ত সংঘর্ষ নয়, বরং দেশের স্বাধীনতা ও মর্যাদা রক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত। শহীদদের আত্মত্যাগ জাতিকে চিরকাল অনুপ্রাণিত করবে।

দলটি আরও জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। একই সঙ্গে শহীদদের যথাযথ মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

বড়াইবাড়ি দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে স্মরণ কর্মসূচি পালিত হলেও এনসিপির এই শ্রদ্ধা নিবেদন রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।