ইউরোপে শ্রমবাজারে নজর: ৭ দেশের সঙ্গে চুক্তির পথে সরকার

 

দক্ষ জনশক্তি রপ্তানি বাড়াতে নতুন কৌশল; কারিগরি শিক্ষা ও বহুভাষা প্রশিক্ষণে জোর।

টুইট ডেস্ক: দেশের ক্রমবর্ধমান শ্রমশক্তির জন্য নতুন কর্মসংস্থানের দুয়ার খুলতে ইউরোপমুখী কৌশল জোরদার করছে সরকার।

বিকল্প শ্রমবাজার খুঁজে পেতে ইউরোপের সাতটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র।

শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সার্বিয়া, গ্রিস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল ও রাশিয়ার সঙ্গে এই চুক্তির প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এই সম্মেলনে সরকারের ৬০টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তুলে ধরা হয়।

মুখপাত্র বলেন, বিদেশে কর্মসংস্থান বাড়ানো এখন সরকারের অন্যতম অগ্রাধিকার। বিশেষ করে দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি রপ্তানির ওপর গুরুত্ব দিয়ে অভিবাসনের পরিমাণ ও মান,উভয়ই উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এর অংশ হিসেবে দেশজুড়ে টেকনিক্যাল প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে আধুনিক কারিগরি শিক্ষা ও বহুভাষা শেখানোর ওপর জোর দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, শ্রমবাজার বৈচিত্র্যকরণের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক কাঠামো শক্তিশালী করতেও নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত শিল্পের প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক লেনদেন সহজ করতে পে-পালসহ বিভিন্ন অনলাইন অর্থপ্রদানের মাধ্যম চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, ঐতিহ্যগত শ্রমবাজারে সীমাবদ্ধতা তৈরি হওয়ায় নতুন গন্তব্য খোঁজার এই উদ্যোগ সময়োপযোগী। তবে সফলতা নির্ভর করবে দক্ষ জনশক্তি তৈরি, ভাষাগত সক্ষমতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কার্যকর সমন্বয়ের ওপর।