শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনায় ভারত

আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বিষয়টি খতিয়ে দেখছে নয়াদিল্লি, বললেন মুখপাত্র জয়সওয়াল।

টুইট ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ ভারত সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

শুক্রবার (১৭ এপ্রিল) নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চলমান বিচারিক ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এই অনুরোধটি খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট শিক্ষার্থী-জনতার আন্দোলন ও অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে ভারতে যান। বর্তমানে তিনি দেশটির কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে নয়াদিল্লিতে অবস্থান করছেন।

অভ্যুত্থানের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার একাধিকবার ভারতের কাছে তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছে। ভারত আগেও জানিয়েছিল, বিষয়টি তারা বিবেচনায় রেখেছে।

এদিকে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন জয়সওয়াল। তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এর আগে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক প্রসঙ্গে জয়সওয়াল বলেন, ভারতের অবস্থান আগের মতোই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করতে গঠনমূলকভাবে সম্পৃক্ত থাকতে চায় নয়াদিল্লি।