আগামী বছর হজ খরচ আরও কমানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

চলতি বছর সীমিত সময়েও ব্যয় ১২ হাজার টাকা পর্যন্ত কমেছে; হজ ব্যবস্থাপনায় আরও সংস্কারের পরিকল্পনা
টুইট প্রতিবেদক: আগামী বছর হজযাত্রীদের খরচ আরও কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, চলতি বছর স্বল্প সময়ের মধ্যেও সরকার হজ ব্যবস্থাপনায় কিছু ব্যয় হ্রাস করতে সক্ষম হয়েছে।
শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের প্রথম হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। তিনি বলেন, সরকার গঠনের পর মাত্র অল্প সময় পাওয়া গেলেও হজের সার্বিক ব্যয়ে প্রায় ১২ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় করা সম্ভব হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, আগামী বছর হজ ব্যবস্থাপনায় আরও উন্নয়ন আনা হবে, যাতে যাত্রীদের খরচ আরও কমে এবং ভোগান্তি হ্রাস পায়। হজযাত্রীদের উদ্দেশে তিনি দেশের শান্তি ও কল্যাণ কামনায় দোয়ার আহ্বান জানান এবং তাদের নিরাপদ প্রত্যাবর্তন কামনা করেন।
অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সৌদি আরবের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।
পরে রাত ১২টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট ৪১৮ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করে।






