হজ প্রস্তুতিতে তারেক রহমানের সরাসরি নজরদারি

আশকোনা ক্যাম্প পরিদর্শনে তারেক রহমান,যাত্রীসেবায় উন্নয়নের নির্দেশনা।

টুইট ডেস্ক: রাজধানীর হজ ব্যবস্থাপনা কার্যক্রমে সরাসরি তদারকি জোরদার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাতে তিনি আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করে হজযাত্রীদের সার্বিক প্রস্তুতি ও সেবাব্যবস্থা ঘুরে দেখেন।

রাত প্রায় ১০টা ৫০ মিনিটে ক্যাম্পে পৌঁছে প্রধানমন্ত্রী বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এবং হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি যাত্রীদের সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন এবং যাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী হজযাত্রীদের সঙ্গে মোনাজাতে অংশ নেন এবং হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করতে সরকারের চলমান উদ্যোগের কথা তুলে ধরেন।

পরবর্তীতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ গিয়ে এ বছরের প্রথম হজ ফ্লাইট বিজি-৩০০১–এর যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের হাতে উপহার তুলে দেন।

এ সময় ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা বলছেন, মাঠপর্যায়ে প্রধানমন্ত্রীর এই সরাসরি উপস্থিতি হজ ব্যবস্থাপনায় গতি বাড়াবে এবং যাত্রীসেবার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।