মকবুল আহমাদের মৃত্যুবার্ষিকী পালিত

দোয়া, কবর জিয়ারত ও কর্মময় জীবনের স্মরণে জামায়াত নেতাদের শ্রদ্ধা

টুইট ডেস্ক: মকবুল আহমাদ–এর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া, কবর জিয়ারত ও স্মরণসভা পালন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। শুক্রবার জুমার নামাজের পর ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের ওমরাবাদ এলাকায় তার পারিবারিক কবরস্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কবর জিয়ারত ও দোয়ায় অংশ নেন দলের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তর শাখার সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক এবং সাবেক জেলা আমির লিয়াকত আলী ভূঁইয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, সোনাগাজী উপজেলা আমির মাওলানা মোস্তফাসহ স্থানীয় নেতাকর্মীরা।

দোয়া ও মোনাজাতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়। নেতারা তার কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করে বলেন, তিনি একজন আদর্শবাদী রাজনীতিক ও শিক্ষাবিদ হিসেবে সংগঠনকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ এপ্রিল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মকবুল আহমাদ।

রাজনৈতিক জীবনে তিনি ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনসহ ১৯৮৬ ও ১৯৯১ সালে ফেনী-২ আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন।

দলীয় দায়িত্ব পালনে তিনি সাংগঠনিক সম্পাদক, সহকারী সেক্রেটারি জেনারেল, নায়েবে আমিরসহ গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। ২০১৭ সালে তিনি জামায়াতের নির্বাচিত আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১৯ সালে বর্তমান আমির ডা. শফিকুর রহমান তার স্থলাভিষিক্ত হন।

ব্যক্তিগত জীবনে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত মকবুল আহমাদ ফেনী সেন্ট্রাল হাই স্কুল ও শরিষাদী হাই স্কুলে শিক্ষকতা করেন। মকবুল হোসেন তিন ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।