গাজীপুরে ইমামের কন্যা অপহরণে ক্ষোভ

ইমামের কন্যা উদ্ধারে দ্রুত অভিযান ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।
টুইট প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে মসজিদের ইমামের কন্যাকে নাটকীয়ভাবে অপহরণের ঘটনায় তীব্র উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
সংগঠনটি বলছে, এ ধরনের ঘটনা শুধু একটি পরিবারের নয়, সামগ্রিক সামাজিক নিরাপত্তা ও নৈতিকতার ওপর গুরুতর আঘাত।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ঘটনার তীব্র নিন্দা জানান। তারা বলেন, অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, অপহৃত কন্যাকে নিরাপদে উদ্ধারের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কার্যকর অভিযান পরিচালনা জরুরি। একইসঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
নেতারা সতর্ক করে বলেন, এমন ঘটনা অব্যাহত থাকলে জনমনে ভীতি ও অনাস্থা বাড়বে।
তাই দ্রুত পদক্ষেপের মাধ্যমে ঘটনার সুষ্ঠু সমাধান নিশ্চিত করে নিরাপত্তা পরিস্থিতিতে আস্থা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।






