বাংলাদেশিদের জন্য চিকিৎসা সুবিধা বাড়াচ্ছে ভারতের পিআইএমএস

কম খরচে চিকিৎসা, প্রশিক্ষণ ও আবাসনের প্রতিশ্রুতি; ভাষান্তর সেবা ও ফেলোশিপের ঘোষণা।

টুইট প্রতিবেদক: বাংলাদেশি রোগী ও স্বাস্থ্যকর্মীদের জন্য চিকিৎসা ও প্রশিক্ষণ খাতে নতুন সুযোগের ঘোষণা দিয়েছে ভারতের রাজস্থানের উদয়পুরে অবস্থিত পিআইএমএস মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, কম খরচে উন্নত চিকিৎসাসেবা, আবাসন সুবিধা এবং পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশিদের জন্য একটি বিস্তৃত সেবা কাঠামো গড়ে তোলা হচ্ছে।

শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে হাসপাতালটির প্রতিনিধিদল এ ঘোষণা দেয়। এতে হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক ও মার্কেটিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের পরিচালক ডা. কামাল কিশোর বিষ্ণোই জানান, বাংলাদেশি রোগীদের জন্য আলাদা ভাষান্তর সেবা চালু করা হবে, যাতে রোগী ও চিকিৎসকের মধ্যে যোগাযোগ সহজ হয়। তাঁর মতে, এই ব্যবস্থায় চিকিৎসা প্রক্রিয়া আরও কার্যকর ও দ্রুত হবে।

তিনি আরও বলেন, তুলনামূলকভাবে কম খরচে উন্নত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি রোগী ও স্বজনদের জন্য আবাসনের বিশেষ ব্যবস্থা রাখা হবে।

অসচ্ছল রোগীদের জন্য হাসপাতালের হোস্টেলে স্বল্প খরচে থাকার সুযোগ থাকবে এবং আশপাশের হোটেলগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ছাড়ের ব্যবস্থাও করা হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশি চিকিৎসক, ল্যাব টেকনিশিয়ান ও নার্সদের জন্য ফেলোশিপ ও প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হবে।

পাশাপাশি স্বাস্থ্যখাতে কর্মসংস্থানের সুযোগ তৈরির কথাও উল্লেখ করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

আয়োজকরা জানান, মেডিকেল ট্যুরিজম সেবার আওতায় বাংলাদেশি রোগীদের জন্য একটি সমন্বিত সহায়তা কাঠামো গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।