ইলিয়াস আলী গণতন্ত্রের লড়াইয়ের প্রতীক: এ্যানি

সিলেটে দোয়া মাহফিলে স্মরণ,নিখোঁজের ১৪ বছর পরও রহস্য উদ্ঘাটনের দাবি।

টুইট ডেস্ক সিলেটে বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীকে স্মরণ করে আয়োজিত দোয়া মাহফিলে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ইলিয়াস আলী ছিলেন গণতন্ত্র ও অবাধ নির্বাচনের লড়াইয়ের এক সাহসী সৈনিক।

জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে তিনি আপসহীন ছিলেন বলেই তাকে নিখোঁজ হতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজের পর হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে সিলেট জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ্যানি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের জন্য কথা বললে হয়তো তাকে গুমের শিকার হতে হতো না,তবু তিনি ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিলেন।

এ্যানি আরও দাবি করেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে এবং তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

তিনি অভিযোগ করেন, বিগত সময়ে দলীয় নেতাকর্মীরা নির্যাতন ও দমন-পীড়নের শিকার হয়েছেন এবং বিভিন্ন আন্দোলনে বহু হতাহতের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, “ইলিয়াস আলীকে হয়তো আমরা আর ফিরে পাবো না, কিন্তু তার পরিবার ও সিলেটবাসীর অপেক্ষা এখনো শেষ হয়নি।”

একই সঙ্গে তিনি জানান, বাসিয়া নদী খনন ও জেলা স্টেডিয়ামে নতুন ক্রীড়া কার্যক্রম উদ্বোধনের লক্ষ্যে শিগগিরই তারেক রহমানের সিলেট সফরের পরিকল্পনা রয়েছে।

সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ইলিয়াস আলী দলের সংকটকালে সিলেটকে নেতৃত্ব দিয়েছেন এবং গণমানুষের অধিকার আদায়ের প্রতীক হয়ে উঠেছিলেন।

তার নিখোঁজ হওয়ার ১৪ বছর পেরিয়ে গেলেও এ ঘটনার সুনির্দিষ্ট তথ্য না পাওয়ায় উদ্বেগ ও বেদনা আরও গভীর হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া ছিল দেশের রাজনৈতিক ইতিহাসের একটি অন্ধকার অধ্যায়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও সত্য উদ্ঘাটনের দাবি জানান।

দোয়া মাহফিলে বিশেষ মোনাজাতে এম ইলিয়াস আলীর নিরাপত্তা ও সন্ধান কামনার পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণ কামনা করা হয়। এতে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।