ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৮ জনের মৃত্যু

উড্ডয়নের ৫ মিনিটের মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন; দুর্গম জঙ্গলে উদ্ধার তৎপরতায় বিলম্ব।

টুইট ডেস্ক: ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি বেসামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ মোট ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন ক্রু এবং ছয়জন যাত্রী ছিলেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মেলাউই জেলায় এ দুর্ঘটনা ঘটে। দেশটির দুর্যোগ মোকাবিলা দপ্তরের স্থানীয় শাখা শুক্রবার (১৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল এয়ারবাস এইচ১৩০ মডেলের, যা একটি স্থানীয় বিমান পরিষেবা সংস্থার মালিকানাধীন। মেলাউই এলাকার একটি পাম-বাগান থেকে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিটের মধ্যেই হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধার কার্যক্রমের প্রধান মোহাম্মদ সায়াফি জানান, দুর্ঘটনাস্থলটি দুর্গম পাহাড়ি এলাকা ও ঘন জঙ্গলে ঘেরা হওয়ায় সেখানে পৌঁছাতে উদ্ধারকারী দলের সময় লেগেছে। পরে ঘটনাস্থল থেকে সকল আরোহীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজন মালয়েশিয়ার নাগরিক রয়েছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হেলিকপ্টারের লেজের অংশটি মূল দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে। কারণ দুর্ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে লেজের অংশটি পাওয়া গেছে। তবে কী কারণে এটি বিচ্ছিন্ন হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।

দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে স্থানীয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।