স্প্যানিশ ক্লাব কিনলেন মেসি

তৃণমূল ফুটবলে বিনিয়োগ, প্রতিভা বিকাশে নতুন উদ্যোগ
টুইট ডেস্ক: আটবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি স্পেনের ঐতিহ্যবাহী ক্লাব ইউই কর্নেল্লা–এর মালিকানা কিনেছেন। বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
১৯৫১ সালে প্রতিষ্ঠিত কাতালানিয়ার এই ক্লাবটি স্প্যানিশ ফুটবলে প্রতিভা গড়ে তোলার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। ক্লাবটির একাডেমি থেকে উঠে এসেছেন জর্দি আলবা, জাভি পুয়াদো, ডেভিড রায়া এবং জেরার্ড মার্টিন–এর মতো খেলোয়াড়রা।
ক্লাবটির মালিকানা নেওয়ার পেছনে মেসির লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়ন এবং নতুন প্রতিভা গড়ে তোলা। বার্সেলোনা–এর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক এবং কাতালান অঞ্চলের সঙ্গে আত্মিক বন্ধনও এ সিদ্ধান্তে ভূমিকা রেখেছে বলে জানা গেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনূর্ধ্ব-১৬ পর্যায়ে ‘মেসি কাপ’ আয়োজনের মাধ্যমে তরুণ ফুটবলারদের উন্নয়নে আগ্রহ দেখিয়েছিলেন তিনি। এবার সরাসরি একটি ক্লাবের মালিকানা নিয়ে সেই উদ্যোগকে আরও বিস্তৃত করলেন এই বিশ্বতারকা।
ক্লাব সূত্রে জানানো হয়েছে, মেসির দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কৌশলগত দিকনির্দেশনায় ইউই কর্নেল্লা ক্রীড়া ও প্রাতিষ্ঠানিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের পথে এগোবে। তার আগমনে ক্লাবটির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






