হজক্যাম্পে আকস্মিক উপস্থিতি ধর্মমন্ত্রীর

প্রথম হজ ফ্লাইটের প্রাক্কালে প্রস্তুতি যাচাই, যাত্রীসেবায় সর্বোচ্চ গুরুত্বের নির্দেশ।
রাজধানীর আশকোনা হজক্যাম্পে আকস্মিক পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
বৃহস্পতিবার রাত প্রায় ৯টার দিকে হঠাৎ উপস্থিত হয়ে তিনি হজযাত্রীদের সার্বিক প্রস্তুতি ও সেবার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
২০২৬ সালের হজ মৌসুমের প্রথম ফ্লাইট আজ রাতেই উড্ডয়নের কথা রয়েছে।
এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হজযাত্রীরা ক্যাম্পে সমবেত হতে শুরু করেছেন।
এই প্রেক্ষাপটে মন্ত্রীর আকস্মিক সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
পরিদর্শনকালে তিনি হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং উদ্বোধনী ফ্লাইটের আয়োজন, যাত্রী ব্যবস্থাপনা ও নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে খোঁজ নেন।
একইসঙ্গে হজযাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের থাকা-খাওয়া, স্বাস্থ্যসেবা ও যাত্রা-সংক্রান্ত সুবিধা নিয়ে মতামত নেন।
ধর্মমন্ত্রী বলেন, “হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদের সেবা করা শুধু দায়িত্ব নয়, বরং ইবাদতের অংশ হিসেবে দেখতে হবে।
” তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবীদের উদ্দেশে নির্দেশ দেন, কোনো অবস্থাতেই যেন যাত্রীরা ভোগান্তির শিকার না হন।
সরকার হজ ব্যবস্থাপনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যাত্রীরা যেন নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্নে পবিত্র এই সফরে যেতে পারেন,তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
গভীর রাত পর্যন্ত হজক্যাম্পে অবস্থান করে বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন মন্ত্রী, যা হজ ব্যবস্থাপনায় সরকারের তৎপরতারই প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।






