জাবিতে চন্দ্রা রুটে বাস পুনরায় চালু

দুই বছর বন্ধ থাকার পর শিক্ষার্থীদের জন্য পরিবহন সুবিধা ফের চালু করল প্রশাসন ও জাকসু।
টুইট প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন বন্ধ থাকার পর ক্যাম্পাস,চন্দ্রা রুটে বাস সার্ভিস পুনরায় চালু করা হয়েছে।
শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা নিরসনের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ উদ্যোগে এ সেবা পুনরায় কার্যক্রমে ফিরেছে।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে আনুষ্ঠানিকভাবে বাস সার্ভিসটির উদ্বোধন করা হয়।
প্রায় দেড় থেকে দুই বছর বন্ধ থাকা এই রুটটি পুনরায় চালু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জাকসুর পরিবহন ও যোগাযোগ সম্পাদক জানান, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতেই এই রুটটি পুনরায় চালু করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, প্রশাসনের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা তুলে ধরা হয় এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়।
জাকসুর সাধারণ সম্পাদক জানান, পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কাজ চলছে।
ভবিষ্যতে লাইভ ট্র্যাকিং সুবিধাসহ একটি টেকসই অ্যাপ চালুর পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) বলেন, শিক্ষার্থীদের সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিবহন ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে।
পাশাপাশি নতুন রুট চালুর পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার ওপরও জোর দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, আগামীতে আরও কয়েকটি নতুন রুট চালুর পরিকল্পনা রয়েছে।
এতে করে শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ ও সময় সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে।






