পার্বত্য উন্নয়নে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী হেলাল উদ্দীন

ম্রো কমপ্লেক্সে ক্রীড়া সামগ্রী বিতরণ, জীবনমান উন্নয়নে নানা উদ্যোগের আশ্বাস।
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার বহুমুখী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে বান্দরবানের সুয়ালক এলাকার ম্রো কমপ্লেক্সে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক কার্যক্রমসহ পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে। দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই বিভিন্ন সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে এবং ধাপে ধাপে উন্নয়ন দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের ১২টি সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, সুপেয় পানির ব্যবস্থা এবং শিক্ষার সুযোগ সম্প্রসারণে সরকার কাজ করে যাচ্ছে। পাশাপাশি জুম চাষকে আধুনিকায়ন, উৎপাদিত ফসলের বাজারজাতকরণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি নিয়েও পরিকল্পনা রয়েছে।
প্রতিমন্ত্রী জানান, একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়তে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, ম্রো কমপ্লেক্সটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর প্রতিষ্ঠিত এবং ভবিষ্যতে এটি আরও সম্প্রসারণ করা হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয় এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর রুহের মাগফিরাত কামনায় খাবার বিতরণ করা হয়। পরে সুয়ালক মাঝের পাড়ায় মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসবের জলকেলী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সা চিং প্রু জেরী এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান সালেহ আহাম্মদ।
এছাড়া জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. আবদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।






