মাহা সাংগ্রাই উপলক্ষে চেমী ডলুপাড়ায় মৈত্রী জল বর্ষণ

ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজনে মুখরিত উৎসব।

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: বান্দরবানের চেমী ডলুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মারমা সম্প্রদায়ের মাহা সাংগ্রাই পোয়েঃ সাক্ ক্রয় উদ্‌যাপন উপলক্ষে মৈত্রী জল বর্ষণ, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপেন দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সা চিং প্রু জেরী, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস এবং পুলিশ সুপার মো. আবদুর রহমান।

মারমা সম্প্রদায়ের এই ঐতিহ্যবাহী উৎসব পার্বত্য অঞ্চলের সংস্কৃতি, সম্প্রীতি ও সহমর্মিতার এক অনন্য প্রতিফলন হিসেবে প্রতীয়মান হয়। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ‘মৈত্রী জল বর্ষণ’, যেখানে অংশগ্রহণকারীরা একে অপরের প্রতি শুভকামনা জানিয়ে পানি ছিটিয়ে আনন্দ ভাগাভাগি করেন। এছাড়া ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনায় মারমা সম্প্রদায়ের নিজস্ব জীবনধারা ও সংস্কৃতির চমৎকার উপস্থাপন করা হয়।

নারী-পুরুষ ও শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে আরও আকর্ষণীয়। বিশেষ করে তরুণদের সক্রিয় উপস্থিতি উৎসবে নতুন মাত্রা যোগ করে এবং সামাজিক সম্প্রীতির বার্তা জোরালো করে।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।