মেসির বিরুদ্ধে প্রতারণার মামলা

প্রীতি ম্যাচে না খেলায় চুক্তিভঙ্গের অভিযোগ, আদালতে এএফএ-ও।
টুইট ডেস্ক: ফুটবল তারকা লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন–এর বিরুদ্ধে প্রতারণা ও চুক্তিভঙ্গের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি আদালতে মায়ামিভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ভিআইডি’ এ মামলা করেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম টিএমজেড।
প্রতিবেদনে বলা হয়, গত বছরের অক্টোবরে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল–এর ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ আয়োজনকে কেন্দ্র করে এই বিরোধের সৃষ্টি হয়।
অভিযোগ অনুযায়ী, ‘ভিআইডি’ প্রায় ৭০ লাখ ডলারের বিনিময়ে ম্যাচ দুটির একক স্বত্ব কিনেছিল। চুক্তির শর্ত ছিল—মেসি সুস্থ থাকলে প্রতিটি ম্যাচে অন্তত ৩০ মিনিট মাঠে খেলবেন।
তবে সেই শর্ত পূরণ না হওয়ায় প্রতিষ্ঠানটি প্রতারণা ও চুক্তিভঙ্গের অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হয়েছে।
এ বিষয়ে মেসি বা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।






