রাষ্ট্রনায়কের ছবি ট্যাগে বিতর্ক: সংযমের আহ্বান আনিস আলমগীরের

অপকর্ম তুলে ধরার পরামর্শ; ব্যক্তির নয়, পদমর্যাদার প্রতি সম্মান রাখার তাগিদ।
টুইট ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তিদের সঙ্গে তোলা ছবি ব্যবহার করে কাউকে ট্যাগ দেওয়ার প্রবণতার সমালোচনা করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর।
তিনি বলেছেন, এমন চর্চা পরিহার করে বরং সংশ্লিষ্ট ব্যক্তির অপকর্ম থাকলে তথ্য-প্রমাণসহ তা প্রকাশ করাই বেশি দায়িত্বশীল আচরণ।
বুধবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ছবি ও ব্যক্তিকে ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষাপটে তার এই মন্তব্য নতুন করে আলোচনা তৈরি করেছে।
আনিস আলমগীর তার পোস্টে উল্লেখ করেন, কৃষিবিষয়ক সাংবাদিকতায় দীর্ঘদিনের অবদান রাখা শাইখ সিরাজ বিভিন্ন সরকারের সময় রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন যা তার সর্বমহলে গ্রহণযোগ্যতার প্রমাণ।
তাই তাকে নিয়ে সাম্প্রতিক আলোচনাকে অপ্রয়োজনীয় বলেও ইঙ্গিত দেন তিনি।
তিনি বলেন, একজন পেশাদার সাংবাদিকের মূল শক্তি হওয়া উচিত সব মহলে গ্রহণযোগ্যতা বজায় রাখা।
কোনো সরকারপ্রধানের সাক্ষাৎকার নেওয়া বা তার সঙ্গে উপস্থিতি,এগুলো পেশাগত দায়িত্বের অংশ, এতে অযথা বিতর্ক তৈরি করা অনুচিত।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া একটি সাক্ষাৎকারে শাইখ সিরাজ দক্ষতার সঙ্গে কৃষি ও খামারপ্রেম তুলে ধরেছিলেন, যেখানে অতিরঞ্জন বা বিভ্রান্তিকর কিছু ছিল না।
সমালোচনার ক্ষেত্রে ব্যক্তি নয়, কাজ ও তথ্যকে প্রাধান্য দেওয়ার ওপর জোর দিয়ে আনিস আলমগীর বলেন, “কে কার সঙ্গে ছবি তুলল বা কোথায় গেল,এসব নয়; বরং তার কাজের সত্যতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা নিয়েই আলোচনা হওয়া উচিত।”
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি বা সরকারপ্রধানের মতো গুরুত্বপূর্ণ পদকে কেন্দ্র করে ব্যক্তিকে বিচার না করে সেই পদমর্যাদার প্রতি সম্মান দেখানো জরুরি।
ভবিষ্যতে যে-ই ক্ষমতায় আসুক, একই দৃষ্টিভঙ্গি বজায় রাখা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
সামাজিক মাধ্যমে বাড়তে থাকা ব্যক্তিকেন্দ্রিক সমালোচনার বিপরীতে এই মন্তব্যকে অনেকে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান হিসেবে দেখছেন।






