রংপুরে মধ্যরাতের আগুনে ছাই ১০ দোকান

শর্ট সার্কিটের আশঙ্কা, ক্ষতি প্রায় ৪০ লাখ; সহায়তা চাইলেন ক্ষতিগ্রস্তরা।
আব্দুল্লাহিল শাহীন, রংপুর: রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের জানপুর মৌজার আরাজী বাবুর হাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক রাতে অন্তত ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৫ এপ্রিল) গভীর রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ব্যবসায়ী ও এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে মুদিখানা, কাপড় ও ওষুধের দোকানগুলোতে।
খবর পেয়ে প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে পুরো বাজারজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।
প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ ৩০ থেকে ৪০ লাখ টাকা বলে জানা গেছে। ক্ষতিগ্রস্তদের মতে, প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পুষ্প রায় বলেন, “আমার কাপড়ের দোকানে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার মালামাল ছিল। সব পুড়ে গেছে। ঋণ করে ব্যবসা শুরু করেছিলাম, এখন আমি সম্পূর্ণ নিঃস্ব।”
অন্য ব্যবসায়ী দুলাল চন্দ্র বলেন, “ছোট দোকান চালিয়ে কোনোভাবে সংসার চলত। আজ সব শেষ হয়ে গেল। পরিবার নিয়ে কীভাবে চলব বুঝতে পারছি না।”
ক্ষতিগ্রস্ত অন্যান্য ব্যবসায়ীরাও একই ধরনের বক্তব্য দিয়ে জানান, হঠাৎ অগ্নিকাণ্ডে তারা সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। তারা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
এদিকে, আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।






