ইরান যুদ্ধ ‘শেষের খুব কাছাকাছি’: ট্রাম্প

তবে অভিযান এখনো শেষ হয়নি, নতুন বৈঠকের ইঙ্গিত

টুইট ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষের খুব কাছাকাছি পৌঁছেছে। তবে মার্কিন সামরিক অভিযান এখনো সম্পূর্ণভাবে শেষ হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ–কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার মনে হয় ইরান যুদ্ধ শেষের পথে। আমি দেখতে পাচ্ছি, এটি সমাপ্তির খুব কাছাকাছি।”

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি এই মুহূর্তে ইরান থেকে সব কার্যক্রম গুটিয়ে নেয়, তবে দেশটি পুনর্গঠনে অন্তত ২০ বছর সময় লাগতে পারে। একই সঙ্গে তিনি জানান, যুক্তরাষ্ট্র এখনো তাদের সামরিক মিশন সম্পন্ন করেনি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যুকে কেন্দ্র করে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরান–এ সামরিক অভিযান শুরু করে। প্রায় ৪০ দিনের সংঘাতের পর উভয় পক্ষ ১৪ দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়।

এই যুদ্ধবিরতিকে স্থায়ী সমাধানের দিকে নিতে গত ১১ এপ্রিল ইসলামাবাদ–এ যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। তবে প্রায় ২২ ঘণ্টা আলোচনা চললেও কোনো চুক্তি ছাড়াই বৈঠক শেষ হয়।

তবে প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, খুব শিগগিরই ইসলামাবাদে দ্বিতীয় দফা বৈঠকে বসতে পারে দুই দেশের প্রতিনিধিরা। এতে করে চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।