ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণে নিহত ১১

ছত্রিশগড়ে ভয়াবহ দুর্ঘটনা, আহত অন্তত ২২; মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা।
টুইট ডেস্ক: ভারত-এর ছত্রিশগড় রাজ্যের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে বয়লার বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন কর্মচারী, যাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গত মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে ছত্রিশগড়ের শক্তি জেলার সিংহিতারাই গ্রামে অবস্থিত বেদান্ত লিমিটেড–এর একটি বিদ্যুৎকেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদসংস্থা পিটিআইয়ের বরাতে এ তথ্য জানা গেছে।
প্রাথমিক তথ্যে জানা যায়, বিদ্যুৎকেন্দ্রটির বয়লার টিউবে বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই চার শ্রমিক নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজনের মৃত্যু হয়। পুলিশের আশঙ্কা, বয়লার রুমে এখনো কয়েকজন শ্রমিক আটকে থাকতে পারেন, ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। জেলার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানান, উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক’ উল্লেখ করে ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এদিকে বেদান্ত লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছে, বয়লার রুম সরাসরি তাদের নিয়ন্ত্রণে ছিল না। ইউনিটটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল সাব-কন্ট্রাক্টর এনটিপিসি জিই পাওয়ার সার্ভিসেস লিমিটেড–এর কর্মীরা।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।






