নকল ডিবি কর্মকর্তা সেজে প্রতারণা

সিলেটে রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ডিএমপির পরিচয়ধারী ভুয়া এডিসি আটক, দীর্ঘদিন ধরে অবৈধ সুবিধা আদায়ের অভিযোগ।
টুইট ডেস্ক: সিলেট মহানগরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার সহকারী পুলিশ কমিশনার (এডিসি) পরিচয় দিয়ে প্রতারণা চালিয়ে আসা এক ব্যক্তিকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
রেস্টুরেন্টে সন্দেহজনক আচরণ ও পরিচয় যাচাইয়ের পর তার ভুয়া পরিচয় ফাঁস হয়।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, গত সোমবার রাতে নগরীর হুমায়ুন রশিদ চত্বর সংলগ্ন একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার বিষয়টি স্বীকার করেন বলে জানানো হয়।আটক ব্যক্তির নাম আশরাফুল আম্বিয়া (৩০)।
তিনি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার রায়গড় এলাকার বাসিন্দা।
দীর্ঘদিন ধরে নিজেকে ডিএমপির গোয়েন্দা শাখার উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার ও সুবিধা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ঘটনার দিন তিনি রেস্টুরেন্টে গিয়ে উপস্থিত লোকজনের কাছে সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তার মোবাইল নম্বর জানতে চান।
তার আচরণে সন্দেহ হলে সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা পরিচয় নিশ্চিত করার চেষ্টা করেন। তখনই তিনি নিজেকে ডিএমপির এডিসি হিসেবে দাবি করেন।
পরিস্থিতি সন্দেহজনক হয়ে উঠলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।
পরে দক্ষিণ সুরমা ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং প্রাথমিক তদন্তে প্রতারণার সত্যতা মেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি ভুয়া পরিচয় ব্যবহার করে বিভিন্ন স্থানে প্রভাব খাটিয়ে অবৈধ সুবিধা গ্রহণ করছিলেন।
ঘটনার পর তাকে হেফাজতে নিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।






