স্ত্রীর ডাকে ফাঁদে স্বামী, অপহরণের পর গণপিটুনি

মোংলায় নির্যাতনের অভিযোগে তোলপাড়; নগদ টাকা ও স্বর্ণালংকার লুট, তদন্তে পুলিশ।

টুইট ডেস্ক: বাগেরহাটের মোংলা উপজেলায় পারিবারিক কলহের জেরে এক স্বামীকে পরিকল্পিতভাবে ডেকে এনে অপহরণ ও গণপিটুনির অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।

পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি ভুক্তভোগী দেলোয়ার হোসেনের; ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অভিযোগ অনুযায়ী, মোংলার মিঠাখালী ইউনিয়নের সাহেবের মেঠ এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন (৫০) প্রায় ছয় মাস আগে শাহানাজ বেগমকে বিয়ে করেন।

হৃদরোগে আক্রান্ত হওয়ায় স্বাভাবিক দাম্পত্য জীবনে জটিলতা দেখা দিলে স্ত্রীর পক্ষ থেকে তার ওপর ধারাবাহিক মানসিক ও শারীরিক চাপ সৃষ্টি করা হয়।

ভুক্তভোগীর দাবি, শারীরিক ঝুঁকি থাকা সত্ত্বেও তাকে জোরপূর্বক উত্তেজক ওষুধ সেবনে বাধ্য করা হতো।

মঙ্গলবার দুপুরে মোবাইল ফোনে ডেকে উপজেলা পরিষদ এলাকার সামনে থেকে দেলোয়ারকে অপহরণ করা হয় বলে অভিযোগ।

পরে পূর্বপরিকল্পনা অনুযায়ী তাকে স্ত্রীর বাড়িতে নিয়ে আটকে রেখে মারধর করা হয়।

এ সময় তার কাছ থেকে নগদ ২৬ হাজার ৭শ’ টাকা, একটি স্বর্ণের আংটি ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দেলোয়ারকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

চিকিৎসা শেষে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর রহমান শাহীন জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

প্রাথমিক সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের মতে, পারিবারিক বিরোধের এমন সহিংস রূপ সমাজে উদ্বেগজনক বার্তা দিচ্ছে, যা দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।