মাদকবিরোধী কঠোর অভিযানে যাচ্ছে সরকার

শিগগিরই দেশজুড়ে বিশেষ অভিযান শুরু হবে,জুয়া, মানবপাচার ও অনলাইন অপরাধ দমনে নতুন কৌশল নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণাল।

টুইট প্রতিবেদক: দেশকে মাদকমুক্ত করতে শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, জুয়া, অনলাইন জুয়া এবং মানবপাচার দমনে এবার সমন্বিত ও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

মঙ্গলবার দুপুরে কক্সবাজারের টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদক নিয়ন্ত্রণ এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের একটি বিষয়।

দ্রুতই আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে সারাদেশে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে জুয়া ও অনলাইন জুয়ার বিস্তার একটি গুরুতর সামাজিক সমস্যায় পরিণত হয়েছে।

এটি তরুণ সমাজকে বিপথগামী করছে উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে সরকার গভীরভাবে বিশ্লেষণ করছে এবং কার্যকর নীতিমালা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অন্যদিকে মানবপাচারের মতো অপরাধ বিশেষ করে কক্সবাজার, উখিয়া ও টেকনাফ অঞ্চলে উদ্বেগজনক হারে বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন।

এ পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নজরদারি ও ধারাবাহিক অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে মাদক ও পাচারচক্রের কার্যক্রমে বড় ধরনের চাপ তৈরি হতে পারে।

তবে দীর্ঘমেয়াদি সফলতার জন্য প্রশাসনিক অভিযানের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিও জরুরি বলে মনে করছেন তারা।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আসন্ন বিশেষ অভিযানে শুধু মাদক নয়, এর সঙ্গে যুক্ত নেটওয়ার্ক, অর্থায়ন চ্যানেল এবং অনলাইনভিত্তিক অপরাধ ব্যবস্থাকেও নজরদারির আওতায় আনা হতে পারে।

সরকারের এই ঘোষণার পর স্থানীয় প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে প্রস্তুতি জোরদার হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।