ভাঙা পা নিয়ে হাসপাতালে বৃদ্ধা মা, নির্যাতনের অভিযোগ ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে

সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মারধরের অভিযোগ; উরুর হাড় ভেঙে হাসপাতালে চিকিৎসাধীন রওশন আরা, চান নিরাপত্তা ও ন্যায়বিচার।
নিজস্ব প্রতিবেদক: যে সন্তানকে কোলে-পিঠে করে বড় করেছেন, জীবনের শেষ সময়ে সেই সন্তানের কাছেই নিরাপদ থাকার কথা ছিল তাঁর। অথচ সেই ছেলের বিরুদ্ধেই উঠেছে মাকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ। শুধু ছেলে নয়, অভিযোগের আঙুল উঠেছে পুত্রবধূর বিরুদ্ধেও।
ভাঙা পা নিয়ে এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন ৪৫ বছর বয়সী বিধবা রওশন আরা বেগম। নিজের ঘরেই নিরাপত্তাহীন হয়ে পড়া এই মায়ের এখন একটাই চাওয়া—নিরাপত্তা ও ন্যায়বিচার।
রাজশাহীর চারঘাট উপজেলার চকগোছের গ্রামের বাসিন্দা রওশন আরা বেগম। তিনি মৃত আব্দুস সামাদের স্ত্রী। তাঁর অভিযোগ, জমি-জমা ও পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছেলে মো. সুজাত (৩৬) ও পুত্রবধূ মোছা. জিন্নাত বেগম (৩৫) দীর্ঘদিন ধরে তাঁকে নির্যাতন ও হেনস্তা করে আসছেন।
রওশন আরার অভিযোগ, গত ৮ নভেম্বর সন্ধ্যায় বাড়িতে রান্না করার সময় ছেলে ও পুত্রবধূ তাঁর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে পুত্রবধূ তাঁকে ধরে রাখেন এবং ছেলে বাঁশের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম ও ফোলা দেখা দেয়। গুরুতর আঘাতে ডান পায়ের উরুর হাড় ভেঙে যায়। এ সময় তাঁর মুঠোফোনও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি।
এমন ঘটনা অবশ্য এবারই প্রথম নয় বলে দাবি রওশন আরার। তাঁর ভাষ্য, প্রায় দেড় মাস আগেও ছেলে ও পুত্রবধূ তাঁকে মারধর করেছিলেন। ওই ঘটনায় রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত-৪-এ ৩২৩সি/২০২৬ নম্বর মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন তিনি।
ঘটনার সময় একই গ্রামের মোছা. কাজলি বেগম (স্বামী মো. বাক্কার) উপস্থিত ছিলেন বলে অভিযোগে প্রত্যক্ষদর্শী হিসেবে তাঁর নাম উল্লেখ করা হয়েছে।
রওশন আরার আরও অভিযোগ, ছেলে ও পুত্রবধূ তাঁকে এবং তাঁর অন্য ছেলেকে বাড়িতে ঢুকতে দিচ্ছেন না। এমনকি তাঁদের বাড়ি থেকে বের করে দেওয়ার পরিকল্পনাও করছেন। নিজের বসতভিটায় থেকেও নিরাপদ বোধ করছেন না তিনি।
শারীরিক অবস্থার অবনতি হলে রওশন আরাকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। এ ঘটনায় চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্ত ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।
একজন মায়ের জীবনে সন্তানের কাছে আশ্রয় ও নিরাপত্তা পাওয়ার আকাঙ্ক্ষা স্বাভাবিক। অথচ সেই সন্তানের বিরুদ্ধেই নির্যাতনের অভিযোগ তুলে এখন হাসপাতালের বিছানায় দিন কাটছে রওশন আরার। বয়সের এই পর্যায়ে এসে নিজের পরিবারেই এমন অসহায় পরিস্থিতির মুখোমুখি হওয়া তাঁর কষ্টকে আরও বাড়িয়ে তুলেছে।
রওশন আরার অভিযোগের সুষ্ঠু তদন্ত, তাঁর চিকিৎসা নিশ্চিত করা এবং বসতবাড়িতে নিরাপদে বসবাসের পরিবেশ তৈরিতে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন।






