বাহরাইনে মার্কিন রাডারে ৬ ড্রোন হামলার দাবি ইরানের

রিফা বিমানঘাঁটির আকাশ প্রতিরক্ষা রাডার লক্ষ্য করে হামলার দাবি আইআরজিসির; আগের হামলার দাবি অস্বীকার করেছিল যুক্তরাষ্ট্র, নতুন ঘটনায় সেন্টকমের বক্তব্য মেলেনি
আন্তর্জাতিক ডেস্ক: বাহরাইনের রিফা (আল-রিফা) বিমানঘাঁটির ভেতরে অবস্থিত মার্কিন আকাশ প্রতিরক্ষা স্থাপনার রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটির দাবি, তাদের মহাকাশ বাহিনী এ অভিযান পরিচালনা করেছে।
আইআরজিসি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে এটি ছিল ‘দ্বিতীয় পর্যায়ের সিদ্ধান্তমূলক ও ধ্বংসাত্মক প্রতিক্রিয়া’। হামলায় ড্রোনগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলেও দাবি করা হয়েছে। এ সময় বাহরাইনের বিভিন্ন স্থান থেকে বিস্ফোরণ বা আঘাতের শব্দ শোনা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আগের হামলার দাবি ও যুক্তরাষ্ট্রের বক্তব্য
গত শুক্রবার (১৩ নভেম্বর) আইআরজিসি দাবি করেছিল, বাহরাইনে একটি মার্কিন আগাম সতর্কতামূলক রাডার ধ্বংস করা হয়েছে। দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি টেলিযোগাযোগ টাওয়ারে যুক্তরাষ্ট্রের কথিত বিমান হামলার প্রতিশোধ হিসেবে ওই অভিযান চালানো হয়েছিল বলে জানায় সংস্থাটি।
তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ওই হামলার দাবি অস্বীকার করে জানিয়েছিল, ইরান দুটি একমুখী আক্রমণাত্মক ড্রোন পাঠিয়েছিল, যা মার্কিন বাহিনী ভূপাতিত করে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলেও দাবি করে যুক্তরাষ্ট্র।
গত কয়েক ঘণ্টায় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়ে একাধিকবার সতর্কতা জারি করেছে। দেশটির নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার, নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার এবং সরকারি সূত্র থেকে প্রকাশিত তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
তবে কী ধরনের নিরাপত্তা হুমকি রয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। সেপ্টেম্বরের পর বাহরাইনে এ ধরনের প্রথম সতর্কতা বলে উল্লেখ করা হয়েছে।
হরমুজ প্রণালি নিয়ে হুঁশিয়ারি
আইআরজিসির বিবৃতিতে দাবি করা হয়েছে, হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে এবং সেখানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের আগ্রাসনের জবাব আরও কঠোর ও ভয়াবহভাবে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।
এ ছাড়া আরও বেশি সংখ্যক ড্রোন মোতায়েন করা হয়েছে বলেও দাবি করেছে আইআরজিসি।
এখন পর্যন্ত বাহরাইনের রিফা বিমানঘাঁটিতে নতুন ছয়টি ড্রোন হামলার দাবি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
ইরানের দাবি অনুযায়ী হামলার লক্ষ্যবস্তুতে আঘাত হানার বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে রাডারের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আঞ্চলিক ও আন্তর্জাতিক মহল।






