ঢাবিতে নাশকতা: কর্মচারী বরখাস্ত, নিরাপত্তায় কঠোরতা

ছয় প্রবেশপথে বসছে নিরাপত্তা চেকপোস্ট, বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে বাড়ছে নজরদারি।
টুইট প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ, পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করা এবং সিসিটিভি ক্যামেরার নজরদারি জোরদারসহ একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত জরুরি সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
সভায় সিদ্ধান্ত হয়, ক্যাম্পাসের ছয়টি প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও বিএনসিসির সমন্বয়ে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল বাড়ানো হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হবে।
প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসে নাশকতা, বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টি করে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত ব্যক্তির পরিচয়, পদমর্যাদা কিংবা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত বিধিবিধান ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপদ, শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব। কেউ পরিকল্পিতভাবে ক্যাম্পাসের শান্তিশৃঙ্খলা বিনষ্ট, নাশকতা কিংবা সহিংসতা সৃষ্টির চেষ্টা করলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
ক্যাম্পাসে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।






