হঠাৎ অসুস্থ প্রবাসী কল্যাণমন্ত্রী, হাসপাতালে ভর্তি

ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে বুকে ব্যথা অনুভব করেন আরিফুল হক চৌধুরী; বাতিল করা হয়েছে তিন উপজেলায় পূর্বনির্ধারিত সফর।
টুইট প্রতিবেদক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) সকালে সিলেটের কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে যাওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনের পর মন্ত্রী হঠাৎ বুকে ব্যথা ও শরীর ঝিমঝিম অনুভব করেন। পরিস্থিতি বিবেচনায় তার পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করা হয়। প্রথমে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট নগরীর আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া জানান, ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে এসে মন্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে তিনি মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, শুক্রবার বিকেলে অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ বিএনপির একটি প্রতিনিধি দল।
সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মন্ত্রীর ঘনিষ্ঠজন ইশতিয়াক সিদ্দিকী জানিয়েছেন, মন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে পর্যাপ্ত বিশ্রামে রাখা হবে। একই সঙ্গে তিনি মন্ত্রীর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
মন্ত্রীর অসুস্থতার কারণে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় নির্ধারিত সফরসূচি বাতিল করা হয়েছে।






