বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে শিল্পোদ্যোক্তাদের যুক্ত করার তাগিদ

শিল্প খাতের চাহিদা অনুযায়ী শিক্ষাক্রম প্রণয়ন, যৌথ গবেষণা ও শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব ইউজিসি সদস্যের।

টুইট প্রতিবেদক: দেশের বিশ্ববিদ্যালয়গুলোর পাঠদান ও পাঠ্যক্রম প্রণয়নে শিল্পোদ্যোক্তাদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন।

তাঁর মতে, বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে কার্যকর সম্পর্ক গড়ে উঠলে শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব সমস্যার সমাধানে গবেষণার ফলাফল কাজে লাগানো সম্ভব হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের কর্মবাজারের উপযোগী করে গড়ে তোলার পথও সুগম হবে।

বুধবার (৪ নভেম্বর) চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সম্মেলনকক্ষে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ‘শিল্প-শিক্ষাপ্রতিষ্ঠান সহযোগিতা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন বলেন, ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে দক্ষ মানবসম্পদ, উদ্ভাবনী সক্ষমতা ও প্রতিযোগিতামূলক শিল্পব্যবস্থা গড়ে তোলা জরুরি। এ লক্ষ্য অর্জনে শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিকল্প নেই।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পোদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তৈরি করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে অতিথি বক্তা হিসেবে শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো, পাঠ্যক্রম প্রণয়ন ও সংশোধনে শিল্প খাতের প্রতিনিধিদের যুক্ত করা এবং শিক্ষার্থীদের জন্য শিল্পপ্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক শিক্ষানবিশির সুযোগ তৈরি করা প্রয়োজন।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গবেষণালব্ধ ফলাফলের বাণিজ্যিক ব্যবহার এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা কার্যক্রম সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেন তিনি।

আলোচনায় শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। তিনি বলেন, শিক্ষাব্যবস্থার কাঠামোগত পরিবর্তন এবং সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ প্রতিষ্ঠা করতে হবে।

অন্যদিকে, শিল্প খাতের পক্ষে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ও পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী।

আলোচনায় চেম্বার সভাপতি বলেন, ভবিষ্যতের টেকসই অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ, উদ্ভাবনী ও বাস্তবমুখী জ্ঞানসম্পন্ন স্নাতক তৈরি করতে হবে। শিল্প খাতের চাহিদা বিবেচনায় শিক্ষার্থীদের প্রস্তুত করা গেলে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় তাঁরা কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

গোলটেবিল আলোচনায় বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, গবেষণার ফলাফল শিল্পপ্রতিষ্ঠানে প্রয়োগ, কর্মমুখী শিক্ষা এবং দক্ষ মানবসম্পদ তৈরির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।