২০৩০ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায়: প্রধানমন্ত্রী

বিনিয়োগ, শিল্পায়ন ও রপ্তানি বহুমুখীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান।
টুইট ডেস্ক: ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যমাত্রা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটের মোংলা বন্দরে দুটি জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, নির্ধারিত অর্থনৈতিক লক্ষ্য অর্জনে বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন, রপ্তানি বহুমুখীকরণ, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও খাদ্য সরবরাহব্যবস্থা সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে মোংলা বন্দর দেশের জ্বালানি, খাদ্য ও শিল্পের কাঁচামাল আমদানি এবং দেশীয় পণ্য রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, মোংলা বন্দর জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি। বন্দরের সক্ষমতা বাড়ানো গেলে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে এবং অর্থনৈতিক নিরাপত্তা জোরদারে সহায়ক ভূমিকা রাখবে।
এর আগে সকালে মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী। তাঁর উপস্থিতিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আসা চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন তিনি।






