বান্দরবানে সেনাবাহিনীর গাড়িতেই কন্যাসন্তানের জন্ম দিলেন বম নারী

প্রসবব্যথায় অসুস্থ অন্তঃসত্ত্বাকে হাসপাতালে নেওয়ার পথে এ ঘটনা; মা ও নবজাতক দুজনই সুস্থ

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের রুমা উপজেলায় হাসপাতালে নেওয়ার পথে সেনাবাহিনীর গাড়িতেই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বম সম্প্রদায়ের এক অন্তঃসত্ত্বা নারী। পরে মা ও নবজাতককে নিরাপদে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়া হয়। বর্তমানে দুজনই সুস্থ রয়েছেন।

রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সুনসুং পাড়ায় ওই নারী প্রসবজনিত জটিলতায় পড়েন। পরে স্থানীয় কারবারির অনুরোধে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয় বাংলাদেশ সেনাবাহিনী।

খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল তাঁকে হাসপাতালে নেওয়ার জন্য রওনা হয়। পথে মুনলাই পাড়ার কাছে সেনাবাহিনীর গাড়িতেই কন্যাসন্তানের জন্ম দেন ওই নারী। এ সময় তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি একজন অভিজ্ঞ ধাত্রী উপস্থিত ছিলেন।

পরে সেনাসদস্যরা মা ও নবজাতককে নিরাপদে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেন। সেনাবাহিনীর তাৎক্ষণিক সহায়তায় মা ও শিশুর নিরাপদে হাসপাতালে পৌঁছানো সম্ভব হওয়ায় পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মানবতার সেবায়ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।