গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিকের মৃত্যু, গাইবান্ধায় দাফন

টুইট ডেস্ক : গাজীপুরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে হামলায় গুরুতর আহত তৌফিক মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (৪ নভেম্বর) সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
তৌফিক মিয়া ছয়ঘরিয়া গ্রামের মৃত তবি খাঁর ছেলে। মঙ্গলবার রাত ১১টার দিকে অ্যাম্বুলেন্সে করে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। এ সময় স্বজনদের আহাজারিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
এর আগে মঙ্গলবার সকালে গাজীপুরের বাংলাবাজার এলাকার শিন শিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি গাজীপুরের মির্জাপুর মাস্টারবাড়ী এলাকার লায়লা স্টাইল গার্মেন্টসে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে বাবা মারা যাওয়ার পর পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেন তৌফিক। অভাবের কারণে লেখাপড়া ছেড়ে জীবিকার সন্ধানে গাজীপুরে পাড়ি জমান তিনি। সেখানে একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ শুরু করেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে অংশ নিয়েছিলেন তৌফিক। একপর্যায়ে আন্দোলনকারীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মুঠোফোনে ঘটনার ভিডিও ধারণের চেষ্টা করলে হামলাকারীরা তাঁর ওপর চড়াও হয় বলে অভিযোগ রয়েছে।
পরে আন্দোলনরত শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে শেষনিশ্বাস ত্যাগ করেন তৌফিক।






